ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২০:৩০

টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে কালিহাতী উপজেলায় এলেঙ্গা কলেজ রোডের মালেক এন্টারপ্রাইজকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে মালেক এন্টারপ্রাইজের মালিক বারেক মিয়া আমদানিকৃত ভারতীয়, মিশরীয় ও দেশের বিভিন্ন জেলার জিরার মধ্যে নিম্নমানের জিরা মিক্স করেন। এভাবে এগুলো ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করে আসছিলেন। ভেজাল পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা আক্তারসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।