দিনাজপুরের বীরগঞ্জে ধান বোঝাই ট্রাক্টরের টলির সাথে ভ্যানের সংঘর্ষে শিশুসহ দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কবিরাজহাটে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গারহাট গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে আবু সাঈদ (৮) ও ভোগনগর কলকটি গ্রামের ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৬৫)।
আহত উপজেলার ভোগনগর কলকটি গ্রামের আব্দুস সালাম (৫২) ও যাত্রী সুলতানা আহমেদ (৬০) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাবিবুল (২৫), সিরাজুল (৩৬) ও ওয়াহেদ আলী (৪২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা যায়, রোববার রাতে একটি ট্রাক্টরের ট্রলি উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে ধান বোঝাই করে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কবিরাজ হাটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক্টরের ট্রলির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান।
সাইফুল ইসলাম বলেন, 'ট্রাক্টরের ট্রলির চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দু'জনের লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আরো পড়ুন: