জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা 

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০০

বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৭টা ১০ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।

পুষ্পস্তবক অর্পণের সময় তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, কূটনীতিকবৃন্দ, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হয়।