শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, 'শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা। শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
তিনি বলেন, 'বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না।'
তিনি আরও বলেন, 'সমস্যা আরও কঠিন। আরও জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও আমরা সেটা করে উঠতে পারিনি।'
ড. ইউনূস বলেন, 'আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে। সরকারে আসার অনেক আগে থেকে।'
তিনি বলেন, 'পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।'
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
আরো পড়ুন: