স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আমরা জানি এটা উনার ব্যক্তিগত কারণ। কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না কেন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নাই।'
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নিরাপত্তা ইস্যুতে নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ে বিকেএমইএ'র পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে মোট ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, 'নিরাপত্তা শব্দটা বড় বিষয়। এখানে সবাই আসছে। এখানে যারা আসছেন তারাও বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো না। এটার ক্ষেত্রে বলা যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।'
নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।'
শরিফ ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা উনার জন্য খাস দিলে দোয়া করবেন।'
জাহাঙ্গীর আলম বলেন, 'বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বিশেষ করে নীটওয়্যারখাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরী। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।'
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বক্স চৌধুরী, শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ আরও অনেকে।
আরো পড়ুন: