বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা থেকে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি নৌকা ও নয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহন থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর। ট্রলার দুটি মালিক শাহপরীর দ্বীপ ডাংগরপাড়ার রাশেদ ও মো. ফারুক।
আব্দুল গফুর বলেন, 'আমার ঘাটের চারটি নৌকা সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার সময় আরাকান আর্মি ধাওয়া করে এবং দুটি নৌকা ধরে নিতে সক্ষম হয়, বাকি দুটি নৌকা পালিয়ে আসে। ওই দুই নৌকায় ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছে।'
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, 'দুটি নৌকাসহ নয় জেলেকে ধরে নেওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।'
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া তথ্যে বলা হয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফনদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় কয়েক দফায় ফেরত আনা হয়েছে। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে, যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।
আরো পড়ুন: