ফেনীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে তিনটি মোটরসাইকেল পুড়ে যায়। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শর্শদি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, শর্শদি বাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসের দৈনন্দিন কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। রাত ৩টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয়। তাৎক্ষণিক ভাবে নিরাপত্তা প্রহরী আগুন লাগার বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে উপরে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংক শর্শদি শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, 'আগুনে সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। আমরা দ্রুত উপরেরতলা থেকে নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করায় আগুন আর ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।'
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আরো পড়ুন: