মির্জাপুরে ১০ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিলো দুর্বৃত্তরা

মির্জাপুরে ১০ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিলো দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৯:২০

আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৯

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লক্ষ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার দেওহাটা এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস সড়কে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। 

ঘটনার পর দিন বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক জাবেদ পারভেজ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে জমি বিক্রির বায়না চুক্তির ১০ লক্ষ টাকা নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলযোগে ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুর রাজ্জাক (৪৯)। তিনি একই উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। সে সময় তার সাথে আপন সহোদর মিনহাজ ও ভাতিজা আশরাফুল ছিলেন। 

পথিমধ্যে দেওহাটা বাসস্ট্যান্ড পার হয়ে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সার্ভিস সড়কের বেঙ্গল এনএফকে টেক্সটাইল ফ্যাক্টরির পশ্চিম অংশে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষণিক সময়ের মধ্যেই প্রাইভেটকারের ভেতর থেকেই হাত বাড়িয়ে কৌশলে ব্যাগভর্তি টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে তারা ধাওয়া করলেও দুর্বৃত্তদের ধরতে পারেনি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, 'এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।'