ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ২১:০১

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী। দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৯ জন, উত্তর সিটি কর্পোরেশনে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন রয়েছেন। 

একই সময়ে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে এক লাখ ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।