নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে মাঝ নদীতে ট্রাকসহ পাঁচটি যানবাহন ডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। দিবাগত রাত দেড়টার দিকে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক রায়হান কবির এ নির্দেশ দেন।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, 'বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়িও পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ ছিল।'
তিনি বলেন, 'কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশী চালিয়ে রাত দেড়টার দিকে মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদের মরদেহ উদ্ধার করে।'
অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসিনিজ্জামান বলেন, 'রাত দেড়টা পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছে কি না সে বিষয়ে তল্লাশি চলছে।'
আরো পড়ুন: