রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসার গ্যারেজে রাখা ফ্রিজিং গাড়ি থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে হাতিরঝিল থানার ওসি গোলাম মোর্তুজা এ তথ্য জানান।
নিহতরা হলো- কুমিল্লার কোতোয়ালি থানার মোসলে উদ্দিন চৌধুরীর মেয়ে আফরিদা চৌধুরী (১০) ও তার ভাই ইলহাম চৌধুরী (১.৪)।
পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিক ভাবে জানা গেছে- শনিবার সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, 'আমরা খবর পেয়ে হাতিরঝিলের ওয়ারলেস মোড়ে একটি বাসার গ্যারেজে ফ্রিজিং গাড়ি মধ্যে থেকে দু'জনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।'
তিনি বলেন, 'আমরা তাদের পরিবারের কাছে জানতে পারি, সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে মগবাজার কমিউনিটি হাসপাতালে দু'জনকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।'
ওসি গোলাম মোর্তুজা বলেন, 'শিশু দুটির ময়নাতদন্ত হয়ে গেছে, মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।'
আরো পড়ুন: