স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।’
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৫০ জনের মতো তালিকা আছে, যারা আক্রান্ত হতে পারেন- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়েছি। আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছে- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।’
২০ জনের সবাই রাজনীতিবিদ কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওই রকম নিউজটা থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বাট আমরা এক্সাক্ট লোকেশন যদি জানতে পারতাম, তাহলে তো...।’
তিনি বলেন, ‘যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে, সেটা বৈধ পথে নয়। সে বৈধ পথে যায়নি। এখন অবৈধ পথে গেছে কি না; এটা তো আমি বলতে পারব না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথবাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।’
গতকাল (রোববার) সারা দিন গুঞ্জন চলে আপনি পদত্যাগ করছেন, এ বিষয়ে এখন কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন সব আপনাকে তো বলে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আরো পড়ুন: