ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক ভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ।
সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, 'দিল্লি ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক ভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।'
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালান। পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয়- এমন হুমকিও দেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এই ভাঙচুর চালানো হয়।
এর আগে নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়।
গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়।
এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং হুমকি অনুভব করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে। সোমবার এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এ দিন বিকেলে কলকাতার বেগবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে যেতে থাকে। তবে প্রায় ২০০ মিটার দূরে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।
আরও পড়ুন…
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
আরো পড়ুন: