দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৩

আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪৭

জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক পত্রে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বেবিচকের পত্রে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিন জন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।

এ অবস্থায় বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার অনুরোধ জানিয়েছে বেবিচক।