ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারকে দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ভালুকায় নিহত দিপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, 'দিপুর স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের প্রয়োজনীয় দেখভাল ও সহায়তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পরিবারের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে বলে।'
তিনি বলেন, 'কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী সমাজে বিভাজন ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তা সফল হতে দেওয়া যাবে না।'
'এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে,' বলেন শিক্ষা উপদেষ্টা।
তিনি দিপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় দিপুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শিক্ষা উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা বলেন, 'বিভিন্ন সময় একটি চক্র সম্প্রদায়গত উত্তেজনা সৃষ্টি করার সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে গণমাধ্যম, সমাজ ও রাষ্ট্রকে সজাগ থাকতে হবে।'
তিনি বলেন, 'দুর্বলের ওপর যেন আর কোনো নির্যাতন না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।'
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: