নির্বাচনে আ'লীগের অংশ নেয়ার বিষয়ে প্রেস সচিবের বার্তা

নির্বাচনে আ'লীগের অংশ নেয়ার বিষয়ে প্রেস সচিবের বার্তা
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৪

আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২১:২৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে। সে জন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।'

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, 'দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা জড়িত ছিলেন, ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন, এই মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে।'

তিনি বলেন, 'সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল।'

তারেক রহমান প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 'আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে নিরাপত্তা (সিকিউরিটি) দরকার, সে বিষয়ে আমাদের সঙ্গে তার দলের আলাপ হচ্ছে। তারা যতটুকু চাচ্ছেন, বিএনপির সঙ্গে কথা বলে সেগুলো তদারকি করা হচ্ছে। সরকারের কাছে যা যা সহযোগিতা তারা চাচ্ছেন, আমরা সেই সহযোগিতা করছি।'

তিনি বলেন, 'ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কাছে আলামতও পাওয়া গেছে।'