রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২০:৪১

আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৮

‎রাজধানীর মগবাজার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (২১) মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তার বাড়ি খুলনার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফ্লাইওভারের নিচে থাকা এক যুবকের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, 'মগবাজারে ফ্লাইওভারের নিচে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী ককটেল বিস্ফোরণে তার মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী সেখানে দাঁড়িয়ে চা পান করছিলেন। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।'

ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, 'সিয়াম আমার দোকানে চা পান করতে আসে। এর কিছুক্ষণের মধ্যে ওপর থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়।'

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, 'আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।'