গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি আক্তার ও কমলা বেগম সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানী-নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান বলেন, 'অনাদি আক্তারকে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।'
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, 'যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।'
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।'
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, 'ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।'
আরো পড়ুন: