নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে পুলিশের ধারণা।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার মিন্টু খান ও মুন্না ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, 'মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে এমাদ মিয়ার ভবনে সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি কারখানা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকা পর্যন্ত মূল্যের রেভিনিউ সিল এবং ১০, ৫০ ও ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার স্ট্যাম্প উদ্ধার করে।'
তিনি বলেন, 'কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দু'জনকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কারখানার মালিকসহ জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'
আরো পড়ুন: