দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার আভাস

ঢাকায় জোরালো হচ্ছে শীত

ঢাকায় জোরালো হচ্ছে শীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৪

রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থন করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থন করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অধিদপ্তর বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের অপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গার ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি মাসের শেষ পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।