ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪১

আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৩

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেন। 

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক জনসমাগম সৃষ্টি হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।

অবরোধে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সুশীলতা অনেক হয়েছে। সুশীলতার কারণে ওসমান হাদির রক্ত এই জমিনে ঝরেছে। আমাদের আর পেছনে যাওয়া চলবে না। আমাদের এই রাজপথ শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের যারা উপদেষ্টা তারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাব না।’

জাবের ঘোষণা দেন, প্রয়োজনে তারা শাহবাগ চত্বরে রাত্রিযাপন করবেন।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রিকশায় আরোহী হাদি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।