ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৪

আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৭

গত ২৪ ঘন্টায় সারাদেশে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২০ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন রয়েছেন।  

একই সময়ে ১৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৬৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।