মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা প্রস্তুতি, উপস্থিত প্রধান উপদেষ্টা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা প্রস্তুতি, উপস্থিত প্রধান উপদেষ্টা
BNP Media cell Facebook page

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:২২

আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৬

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৫ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানাজাস্থলে পৌঁছান।

পৌঁছানোর পর তিনি কাতারে দাঁড়িয়ে জানাজায় অংশগ্রহণের প্রস্তুতি নেন।

জানাজাস্থলে এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে শোকাবহ পরিবেশে কিছুক্ষণের মধ্যেই নামাজে জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর পরপরই বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলে আনা হয়। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ছাড়াও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানাজাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শৃঙ্খলা বজায় থাকে। জানাজার পর মরদেহ দাফনের জন্য নির্ধারিত স্থানে নেওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।