রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে পৌঁছানোর পর তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকেলে নামাজে জানাজার আগে তারেক রহমান জানাজাস্থলে উপস্থিত হলে প্রধান উপদেষ্টা তাঁর প্রতি সমবেদনা জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
অধ্যাপক ইউনূসসহ বিপুলসংখ্যক মানুষ বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেন। জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, জানাজা অনুষ্ঠানে কয়েকজন বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক অতিথিও অংশ নেন।
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার এই পদে দায়িত্ব পালন করেন।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষের মধ্যে তাঁর জীবনের নানা অধ্যায় নিয়ে স্মরণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে।
আরো পড়ুন: