এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ৩০

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ২০:২৩

আপডেট: ১ জানুয়ারি, ২০২৬ ২২:২১

মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘ওরা আকস্মিক ভাবে হামলা চালিয়েছে। ইট-পাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।’

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইট-পাটকেল ছুড়েছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরও আমরা কেউ বের হতে পারছি না।’