সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ১১:৪৪

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে দু'জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক সোহেল শেখ ও তার সহকারী মুবারক হোসেন। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

জানা যায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোরে চালকের সহকারী ও সকাল ৮টার দিকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, 'ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। দু'জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।