নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, 'জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে। এর জন্য আইন-শঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রয়োজন নির্দেশনা দেয়া হয়েছে।'
রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইন-শৃংখলা রক্ষাকারি সেল’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনো ভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে, এ জন্য ভোটের আগে ও পরবর্তী কয়েকদিন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে।'
আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে বলে আইন শৃংখলা বাহিনীকে সতর্ক করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, 'এ অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের বত্যয় থাকলে সেটিকে এড্রেস করা।'
'মিন মিন করে এ নির্বাচন করা যাবে না' মন্তব্য করে তিনি বলেন, 'এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ সংক্ষুব্দ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।'
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন-শৃংখলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময় সভা করে মোহাম্মদ সানাউল্লাহ।
আরো পড়ুন: