সুন্দরবনে অপহৃত পর্যটকসহ ৩ জন উদ্ধার, আটক ৬

সুন্দরবনে অপহৃত পর্যটকসহ ৩ জন উদ্ধার, আটক ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ১৪:৪০

সুন্দরবনে অপহৃত দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দস্যু বাহিনীর ছয় জনকে আটক করা হয়েছে।

সোমবার কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কমান্ডার আবরার হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রোববার সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন গাজী ফিশারিজ এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসান (১৯), আলম মাতুব্বর (৩৮), অয়ন কুন্ড (৩০) ও ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫)।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে সুন্দরবনের গোল কানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে  রিসোর্ট মালিকসহ সাত জনকে বনদস্যু মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি ডাকাত দল জিম্মি করে। ডাকাত দল তিন জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও জাহিদুল ইসলাম জনি ও সোহেল এবং গোল কানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়কে জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।

তিনি বলেন, এরপর কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুই দফায় পাঁচ জনকে আটক করা হয়। পরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) কে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, 'বনদস্যু মাসুম মৃধাকে আটকে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীদের থানায় হস্তান্তর করা হবে।