যশোরের মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
এ ঘটনার পর পরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে গত শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে।
আরো পড়ুন: