ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩৫ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩৫ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ২১:৫২

গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫ জন। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। এর মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৯ শতাংশ নারী। তবে নতুন বছরে এখনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ছয় জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে সাত জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন রয়েছেন।

একই সময়ে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।