ভোটের মাধ্যমে আগামী দিকনির্দেশনার পথ নির্ধারণ হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

ভোটের মাধ্যমে আগামী দিকনির্দেশনার পথ নির্ধারণ হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৫১

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আগামী ৫০ বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা নির্ধারণ করবেন।

 

শুক্রবার সকালে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফাওজুল কবির খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবেন। “ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিতে পারবে নাএমন একটি পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে,” তিনি বলেন।

 

তিনি উল্লেখ করেন, অতীতের নির্বাচনে জনগণ অনেক ক্ষেত্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই বঞ্চনার প্রতিফলনই দেখা গেছে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে। “এখন সময় এসেছে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার,” যোগ করেন তিনি।

 

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের বিষয়ে ভোটাররা স্বাধীনভাবে ‘হ্যাঁ’ বা ‘না’—যে কোনো একটি মত দিতে পারবেন। “ক্ষমতার ভারসাম্য রক্ষা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো অনিয়ম বন্ধ করতে সংস্কার প্রয়োজন। যারা সংস্কারের পক্ষে, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যারা ভিন্নমত পোষণ করেন, তারা ‘না’ ভোট দিতে পারবেনএতে কোনো বাধ্যবাধকতা নেই,” তিনি বলেন।

 

তিনি আরও জানান, গণভোটে জনগণ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

 

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে। “এখানে কেউ কাউকে ভোটদানে বাধা দিতে পারবে না,” তিনি জোর দিয়ে বলেন।

 

দিনাজপুরে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার থাকার বিষয়টি তুলে ধরে তিনি জানান, তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

 

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

 

নির্বাচন সংশ্লিষ্ট এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি তুলে ধরে বক্তারা বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।