ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫২ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫২ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৯:৪৩

গত ২৪ ঘন্টায় সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫২ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। তবে নতুন বছরে এখন মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) নয় জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আট জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয় জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

একই সময়ে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।