চট্টগ্রামে মাদক মামলায় দু'জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজ জেসমিন কলি এই রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি রফিকুল ইসলাম রায়ের তথ্য জানান।
দণ্ডিতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার উত্তল লাম্বরী গ্রামের আব্দুল করিম (৪৩), চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া মাইজপাড়া গ্রামের আব্দুল আজিজ হারেজ (৪৩)।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে যাত্রী ছাউনির পাশে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আব্দুল করিমের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা ও আব্দুল আজিজ হারেজের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই মো. মনিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, দণ্ডিতরা জামিন নিয়ে পলাতক আছেন। রায়ের পর তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আরো পড়ুন: