মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত হুজাইফা আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হুজাইফাকে চমেক হাসপাতালে আনা হয়।
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।’
গুরুতর আহত আফনান ওরফে পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ‘শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’
এর আগে স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেছিলেন, ‘ওপার থেকে আসা গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও একজন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।’
হুজাইফার সঙ্গে থাকা তার চাচা শওকত আলীর তথ্যমতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোঁড় গুলিতে হুজাইফা গুরুতর আহত হন। সেখান থেকে তাকে কক্সবাজার মেডিকেল নেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: