কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জলসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে স্থানীয় এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ হানিফ (২২) ওই এলাকার ফজল করিমের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর পর তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
২ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, 'আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনা নতুন নয়, এর আগেও একই ভাবে অনেকে আহত হয়েছে। আমরা সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।'
এদিকে, মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র বলেন, 'স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।'
এর আগে রোববার সকালে হোয়াইক্যংয়ে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, একই দিন পালিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আরো পড়ুন: