রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় আগুন লাগে।
নিহতরা হলেন- একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭) এবং আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, 'কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিন জন, উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দু'জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।'
ভবনটির দোতলার রান্নাঘরে বৈদ্যুতিক গোলোযোগ অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
দুপুরে নিজ কার্যালয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা এখন পর্যন্ত যতটুক তথ্য তদন্তে পেয়েছি যে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, 'সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসা-বাড়িতে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।'
তিনি বলেন, 'আগুনে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টায় আগুন সম্পূর্ণ ভাবে নেভানো হয়।'
Tag:
আরো পড়ুন: