মোবাইল চুরিতে বাধা দেয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত, গণপিটুনিতে ঘাতক নিহত

মোবাইল চুরিতে বাধা দেয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত, গণপিটুনিতে ঘাতক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ২১:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরির সময় বাধা দেয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। পরে অভিযুক্তকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়।

শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৪৫) কেরাবো মোড় এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী।

গণপিটুনিতে নিহত মেহেদী ইসলাম (৩২) একই উপজেলার বিরাবো খালপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনোহারি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় মেহেদী ইসলামকে। সেই থেকে  আমেনা বেগমদের বাড়িতে মেহেদী ইসলাম আসা-যাওয়া করতো। 

শুক্রবার বিকেলে আমেনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার পথে মেহেদী ইসলামকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এ সময় আমেনা বেগমের হাত থেকে নিজেকে ছাড়াতে হুরাহুরি করতে থাকে মেহেদী। একপর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এসে অভিযুক্ত মেহেদী ইসলামকে আটক করে। পরে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন।

এদিকে, আমেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। 

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, 'মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'