কর্মবিরতিতে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ২০:০৯

আপডেট: ১৭ জানুয়ারি, ২০২৬ ২০:১৬

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন।

শুক্রবার রাতে হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় শনিবার দুপুরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। 

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং একই থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নাম্বার সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

কর্মবিরতি শুরুর পর শনিবার বেলা ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ এসব দাবি সমাধান হলে আমরা যেকোনো সময় কাজে ফিরতে প্রস্তুত।'

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, 'চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকে হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

সিলেটের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, 'বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনার পর পর নারীসহ তিন জনকে আটক করা হয়। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'