ইজিবাইকে বাসের চাপায় নিহত বেড়ে ৭

ইজিবাইকে বাসের চাপায় নিহত বেড়ে ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ২২:১৫

মাদারীপুরে যাত্রীবাহী ইজিবাইকে বাসের চাপা দেয়ার ঘটনায় নিহত বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান, মাদারীপুর পৌরসভার ১নং শুকনী কলেজরোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) ও সদর উপজেলার কুনিয়া দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারির ছেলে ইজিবাইক চালক সাগর বেপারী। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয় বাসটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই  তিন জন নিহত হন। পরে একে একে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট প্রায় ১০ কিলোমিটারে ঠেকেছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। 

সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজ্জাক বলেন, 'হাসপাতালে সাত জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত তিন জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'