নির্বাচনি নিরাপত্তায় কতগুলো ড্রোন ব্যবহার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনি নিরাপত্তায় কতগুলো ড্রোন ব্যবহার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৮

আপডেট: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৯

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সারাদেশে নির্বাচনি নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ৪১৮টি ড্রোন ব্যবহার করবে। এছাড়াও নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবে।'

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনি নিরাপত্তায় ৪১৮টি ড্রোনের মধ্যে ২০০টি সেনাবাহিনী, নৌবাহিনী ১৬টি, বিজিবি ১০০টি, পুলিশ ৫০টি, কোস্ট গার্ড ২০টি, র‍্যাব ১৬টি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৬টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করবে।'

তিনি বলেন, 'এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’  এর ব্যবহার যেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিক ভাবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার/নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, 'দুর্গম কেন্দ্রসমূহে ব্যালটসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যেকোনো ধরনের অপতৎপরতা ও কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।'

তিনি বলেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ গড়ে তোলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচন পূর্ববর্তী চার দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড় ভাবে পরিচালনা করতে হবে।'