এবারের নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

এবারের নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ১৭:৪১

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৬ ১৭:৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রীক আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে জানানো হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, 'এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এ জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার কিছুটা দেরি হতে পারে।'

তিনি বলেন, 'এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে, খুব ভালো ভাবে ভোট গণনা হোক, সে ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়।'

প্রেস সচিব বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার মধ্য রাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।'

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে তিনি বলেন, 'পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।'