ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার এক বার্তায় ইসি জানায়, যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তারা ব্যালট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট প্রদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেবেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকযোগে পাঠানো ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
নির্বাচন কমিশন বলছে, দেশ ও বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ চালু করা হয়েছে। তবে এই ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য সময়সীমা মেনে ব্যালট পাঠানো অত্যন্ত জরুরি।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এখন পর্যন্ত দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি কর্মকর্তারা আশা করছেন, ভোটারদের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ পোস্টাল ব্যালট সংগ্রহ করা সম্ভব হবে, যা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক চরিত্র নিশ্চিত করতে সহায়ক হবে।
আরো পড়ুন: