বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট সফর ও আসন্ন জনসভাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মেগনিতলা এলাকার জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, হযরত খানজাহান আলি মাঠে অনুষ্ঠেয় জনসভাকে ঘিরে সাংগঠনিক ও প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
মাওলানা রেজাউল করিম জানান, জনসভা নির্বিঘ্নে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনুছ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ইকবাল হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের জনসভায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক নেতা বক্তব্য দেবেন। এর মধ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিভিন্ন রাজনৈতিক জোটের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় বড় সমাবেশ ও জনসভা রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে তুলছে। বাগেরহাটে জামায়াতের এই কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরো পড়ুন: