স্ত্রীসহ কাস্টমসের সাবেক সহকারী মফিজুরের ২ ফ্ল্যাট ক্রোকের আদেশ

স্ত্রীসহ কাস্টমসের সাবেক সহকারী মফিজুরের ২ ফ্ল্যাট ক্রোকের আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬ ১৭:২৩

আপডেট: ২৭ জানুয়ারি, ২০২৬ ২০:৫৫

কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূঁইয়া মফিজুর রহমান ও তার স্ত্রী দিলশাদ জাহান লুসির নামে থাকা রাজধানীর দক্ষিণখানে দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, দিলশাদ জাহান লুসি ও ভূঁইয়া মফিজুর রহমান কর্তৃক ৯২ লাখ ১০ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা সম্পদ ও বাড়ি সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। 

তাই, অত্র তদন্ত সম্পন্ন করে, আদালতে মামলা দায়ের ও চার্জশীট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে, তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে ফ্ল্যাট দুটি ক্রোক করা একান্ত প্রয়োজন।