ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছেন না পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ২০:২৫

বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।'

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'শঙ্কা নেই। আর সংকেত যে কি আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের, পরিবারকে যেকোনো সময় চলে যেতে বলতেই পারে।'

তিনি বলেন, 'তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজেই পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই তাদের কর্মকর্তা, পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি। আশঙ্কা তাদের মনে হয়তো আছে অথবা হয়তো তারা কোনো মেসেজ দিতে পারে, হতে পারে। কিন্তু আমি আসলে সঠিক কোনো মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি না।'

তিনি আরও বলেন, 'তবে আমি এটাকে এভাবে বলবো- তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান এ ব্যাপারে আমাদের তো কিছুই করার নাই, নিতেই পারেন। সার্বিক ভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকে তাকাই যখন নির্বাচন হতো তখন…মাঝে তো অনেক দিন নির্বাচন হয়নি। নির্বাচনকালীন ছোটোখাটো কিছু মারামারি-ধাক্কাধাক্কি এগুলো হতো সবসময়। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।'

কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানিয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'তারা বিপদে আছেন এ রকম কোনো কথা আমাদের বলা হয়নি।'