রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ২২:৩২

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ (৫) মারা গেছে। বুধবার সন্ধ্যায় দীর্ঘ  ৪ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মো. হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন। 

এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় গর্তে পড়ে মিসবাহ। 

নিহত মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। 

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, 'নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে তাকে উদ্ধার করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।'

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, 'বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'