শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকেও।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা আশরাফুল আলম রাসেলকে ওএসডি করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আশরাফুল আলম রাসেল বৃহস্পতিবার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এর আগে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি তুলে ধরেন তিনি।
তারা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও কোনো অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি৷ এমন ঘটনা নির্বাচনী নিরপেক্ষ পরিবেশের পরিপূর্ণ ব্যাতিক্রম। সুষ্ঠু নির্বাচনের শর্তে জনগণ এ ঘটনার দ্রুত বিচার চায়।
বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল করেন।
একপর্যায়ে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রেজাউল করিমসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
Tag:
আরো পড়ুন: