নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ২০:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কোনো জায়গায় যদি কোনো বাক্স (ব্যালট বক্স) ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।'

তিনি বলেন, 'সামনের ১২ তারিখের (১২ ফেব্রুয়ারি) যে নির্বাচন সেই নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে- এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

প্রশাসনের প্রতি কী নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'এবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে, সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউকে কোনো তেল দেবে না। নিরপেক্ষ ভাবে কাজ করবে।'

শেরপুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'অনেক সময় গ্রেপ্তার হতে সময় লাগে। যারা এ ঘটনায় জড়িত তারা অবশ্যই গ্রেপ্তার হবেন।'

প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এমন মারামারির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আপনারা যে সময় ভাইয়েরা ভাইয়েরা মারামারি শুরু করে দেন তখন আরেকজনের এসে থামানোটা কিন্তু একটু অসুবিধা হয়।'

নির্বাচনের দিনেও তো একই অবস্থা হতে পারে উল্লেখ করলে তিনি বলেন, 'বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।'

প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম রেডি রাখার কথা বলা হয়েছে। তাহলে কি এবারে আমরা একটু শঙ্কার মধ্যে আছি- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এগুলো সবসময়ই রেডি থাকে। নির্বাচনে অনেক বয়স্ক লোক দেখবেন অন্যের কোলে চড়ে আসছে। ওই সময় তাদের সহযোগিতা হবে।'