নতুন সরকার ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নিতে পারে: প্রেস সচিব

নতুন সরকার ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নিতে পারে: প্রেস সচিব
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৯

আপডেট: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পর পরই ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।'

বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, '১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার। এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।'

গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, তার মূল্যায়ন দেশের জনগণ করবে মন্তব্য করে তিনি বলেন, 'সরকার গত ১৮ মাসে ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ে ৫২৬টি সিদ্ধান্ত নিয়েছে, যার সিংহভাগ বাস্তবায়িত। এছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।'

শফিকুল আলম বলেন, 'ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরিয়ে আনতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য ভাবে কমবে।'

তিনি বলেন, 'আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে।'

সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।

প্রেস সচিব বলেন, 'এবারের নির্বাচনি পরিবেশ ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ।'