বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২) ও গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫)। 

বড় দারগা হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, 'পীরগঞ্জের পেট্রোল পাম্প এলাকায় হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে রংপুরগামী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময় দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি নামে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর অবস্থায় রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, 'আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।'